যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদীয় বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:০৩ PM ৭৮
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদীয় বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি।

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জেরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চাইতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সম্পূরক প্রশ্ন করেন হাসনাত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গও তিনি সেখানে তুলে ধরেন। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে জেলায় প্রতিবাদ শুরু হয়।

হাসনাতের ভাষ্য অনুযায়ী, সংসদে তিনি মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধের ঘটনাকে সংবাদমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে ভিন্ন ছিল। তার বক্তব্যে গভীর রাতে উচ্চশব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হওয়ার প্রসঙ্গও তুলে ধরা হয়।

তবে নৌকাবাইচের প্রসঙ্গে নিজের তথ্যগত ভুলের কথা স্পষ্টভাবে স্বীকার করেছেন এনসিপির এই নেতা। তিনি জানান, নৌকাবাইচ বন্ধের প্রচারের ঘটনাটি সিলেটের হলেও সংসদে সেটিকে ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন। এই ভুলের কারণে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

হাসনাতের সংসদীয় বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। রাত পৌনে ১২টার দিকে জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা হাসনাতের বক্তব্যের সমালোচনা করেন এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ থেকে ঘোষণা দেওয়া হয়, হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না। শনিবার (২৯ আগস্ট) জেলায় দলটির সাংগঠনিক কর্মসূচি থাকার কথা থাকায় বিষয়টি ঘিরে উত্তেজনা তৈরি হয়।

এদিকে হাসনাতের দুঃখ প্রকাশের আগেই ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত সভাস্থলে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!