ছবি: সংগৃহীত
যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং স্থগিত পরীক্ষার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পরীক্ষাটি স্থগিত হওয়ায় চাকরিপ্রার্থীরা যে ভোগান্তিতে পড়েছেন, তা বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব নতুন পরীক্ষার তারিখ নির্ধারণ করা প্রয়োজন।
ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন জুবায়ের। তাঁর মতে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিবৃতিতে চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং নিয়োগব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!