যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের দিন বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ PM ৫৩
৭ নভেম্বরকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের দিন বললেন রিজভী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় হওয়ার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর ভাষ্য, ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি পাওয়ার পর জাতি নতুন করে সামনে এগোনোর দিশা খুঁজে পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি দাবি করেন, ৭ নভেম্বরের বিপ্লব দেশের মানুষের মধ্যে প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় জাগিয়েছিল।

১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, ওই বছরের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার সংকুচিত করা হয়েছিল। এরপর রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংঘাত ও রক্তপাতের কারণে দেশ অস্থিরতার মধ্যে পড়ে। তাঁর মতে, তখন মানুষের মধ্যে গণতন্ত্র ও স্বাধীনতার পরিবেশ ফিরে পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়েছিল। এতে দেশের মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। পরে ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি পাওয়ার ঘটনাকে তিনি জাতীয় জীবনে নতুন দিকনির্দেশনা ফিরে পাওয়ার মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

জিয়াউর রহমানের শাসনামলের মূল্যায়ন করতে গিয়ে রিজভী বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের পথে অগ্রসর হয়েছিল এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল। একই সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্রও ফিরে আসে বলে দাবি করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্য ও বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা ফাতেহা পাঠ ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামও অনুষ্ঠানে অংশ নেন।

৭ নভেম্বর রুহুল কবির রিজভী জিয়াউর রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!