যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০১:৪৫ PM | সর্বশেষ আপডেট: ২৬ জুন ২০২৬, ০২:১০ PM ১০২
পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল

ছবি : সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোকাবহ পরিবেশ এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মিছিলটি যাত্রা শুরু করে।

সরেজমিনে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশই কালো পোশাক পরিধান করেন। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে তারা মাতম করেন, শোকগাথা পাঠ করেন এবং ধর্মীয় স্লোগান দেন। অনেকের হাতে ছিল প্রতীকী তাজিয়া, আলাম, নিশানসহ কারবালার স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রতীক।

নারী, পুরুষ ও শিশু—সব বয়সী মানুষের উপস্থিতিতে সকাল থেকেই হোসেনি দালান এলাকায় শোকের আবহ তৈরি হয়। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা অতিক্রম করে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালান ও আশপাশের এলাকাসহ মিছিলের পুরো রুটজুড়ে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে এই ঐতিহাসিক তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই শোকযাত্রা পালন করে।

Asura Hosni Dalan

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!