যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

পবিত্র কাবা ধোয়ার বার্ষিক আনুষ্ঠানিকতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০১:২৯ PM | সর্বশেষ আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ PM ৯৬
পবিত্র কাবা ধোয়ার বার্ষিক আনুষ্ঠানিকতা সম্পন্ন

ছবি : সংগৃহীত

পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমানের পক্ষে মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশালের নেতৃত্বে পবিত্র কাবা শরিফের বার্ষিক ধোয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন মসজিদুল হারামের ইমাম ও শায়খ আবদুর রহমান আস সুদাইসসহ উচ্চপদস্থ ধর্মীয় ও সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার (১৫ মহররম) মক্কায় এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত প্রক্রিয়া অনুসারে জমজমের পানি, গোলাপ জল ও খাঁটি উদের মিশ্রণ ব্যবহার করে কাবার ভেতরের অংশ পরিষ্কার করা হয়।

ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল কাবার ভেতরের দেয়ালগুলো বিশেষভাবে প্রস্তুত সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে মুছে দেন। এই মিশ্রণে জমজমের পানি, গোলাপ জল এবং সুগন্ধি তেল অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব, রাজকীয় আদালতের উপদেষ্টা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও কাবা শরিফের রক্ষণাবেক্ষণ টিম অংশ নেয়।

প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়—প্রস্তুতি, ধৌতকরণ এবং সুগন্ধি ছিটানো ও ধূপ জ্বালানো। এর আগে কাবার ভেতরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং পরবর্তীতে ভেতরের দেয়াল, স্তম্ভ ও মেঝে বিশেষভাবে ধুয়ে শুকানো হয়।

ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে কাবা শরিফের পবিত্রতা, মর্যাদা এবং ঐতিহ্যকে সম্মান জানানো হয়, যা সৌদি আরবের দীর্ঘদিনের রীতি। আধুনিক ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তায় পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।


 

পবিত্র কাবা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!