ছবি: সংগৃহীত
ঢাকা: ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবারের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা করা হবে এবং মিনা ও আরাফায় নির্ধারিত সার্ভিস প্যাকেজ অনুযায়ী খাবার সরবরাহ করা হবে।
হজ প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এটি তুলনামূলক কম খরচের প্যাকেজ। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে প্রায় ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।
মিনায় জোন-৫ এলাকায় তাঁবুর ব্যবস্থা করা হবে। এছাড়া মিনা ও আরাফায় নির্ধারিত সার্ভিস সুবিধাসহ খাবার সরবরাহ করা হবে। হোটেলের দূরত্ব বেশি হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী পরিবহন সুবিধা দেওয়া হবে।
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ধর্মমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, সাশ্রয়ী ও মানবিক করার লক্ষ্যে বিমান ভাড়া কমানো হয়েছে। এবার হজ ফ্লাইটের ভাড়া আগের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার নিয়মিতভাবে হজ ব্যবস্থাপনায় উন্নয়ন ও খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে।
হজ বিমান ভাড়া ধর্ম মন্ত্রণালয়
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!