বাংলাদেশের পেসার নাহিদ রানা। ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের চোট কাটিয়ে নাহিদ রানা বল হাতে অনুশীলনে ফিরলেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে দেখা যাবে না। পুনর্বাসন প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় এই পেসারকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন নাহিদ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। গত মাসে চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেলেও দেশে ফেরার পর পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই পেসার।
প্রায় দেড় মাস পর কয়েক দিন আগে বোলিং অনুশীলনে ফেরেন নাহিদ। বর্তমানে ছোট রান-আপে বল করছেন তিনি। তবে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় এখনই তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই নাহিদের ফেরার ক্ষেত্রে তাড়াহুড়া না করে তার ওয়ার্কলোড নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে বিসিবি। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ত্রিদেশীয় সিরিজেও তাকে শুরু থেকেই না খেলিয়ে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে।
বিসিবি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নাহিদ রানার পাশাপাশি শরিফুল ইসলামও আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না। ফলে পেস আক্রমণে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশকে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই টেস্ট অভিষেক হতে পারে মুশফিক হাসানের। নাহিদ ও শরিফুলের অনুপস্থিতিতে পেস বিভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।
নাহিদ রানা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!