যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

এএফসি অভিষেকেই আল আইনের কাছে রোনালদোর আল নাসরের বড় হার

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ PM | সর্বশেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ PM ৭৮
এএফসি অভিষেকেই আল আইনের কাছে রোনালদোর আল নাসরের বড় হার

আল নাসরের হয়ে মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো; ছবি: সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ম্যাচে সৌদি ক্লাবটি কোনো গোল করতে পারেনি। বিপরীতে স্বাগতিকরা চারবার বল পাঠিয়েছে আল নাসরের জালে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আল আইন। সেই ধারাবাহিকতায় ২৫ মিনিটে হুসাইন রাহিমির গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে আক্রমণ বাড়ায় আল নাসর। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি রোনালদোর দল।

বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আল আইনের ব্যবধান দ্বিগুণ করেন রাহিমি। এর ৯ মিনিট পর ৭২তম মিনিটে সুফিয়ান রাহিমি তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষ দিকে জর্জিওস গিয়াকুমাকিসের গোলে আল আইনের জয় ৪-০ ব্যবধানে নিশ্চিত হয়।

আল নাসরের অধিনায়ক হিসেবে পুরো ম্যাচ মাঠে ছিলেন রোনালদো। তবে দলের আক্রমণে কার্যকর অবদান রাখতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। ফলে প্রতিযোগিতার শুরুতেই বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় সৌদি ক্লাবটিকে।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটিই রোনালদোর সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। এর আগে আল হিলালের বিপক্ষে তাঁর দল ২০২৩ সালের ডিসেম্বরে সৌদি প্রো লিগে ৩-০ এবং ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপের ফাইনালে ৪-১ গোলে হেরেছিল।

তবে রোনালদোর পুরো ক্যারিয়ারের হিসাবে ৪-০ ব্যবধানের এই হার সর্বোচ্চ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০২১ সালের অক্টোবরে লিভারপুলের বিপক্ষে এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১০ সালের নভেম্বরে বার্সেলোনার বিপক্ষে ৫-০ গোলে পরাজিত হয়েছিলেন তিনি।

এর আগে ২০২২ সালের আগস্টে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে হেরেছিল। সেই ম্যাচের পর আল আইনের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের মধ্য দিয়ে আবারও একই ব্যবধানের পরাজয়ের অভিজ্ঞতা হলো ৪১ বছর বয়সী রোনালদোর।

ক্রিশ্চিয়ানো রোনালদো

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!