আর্জেন্টিনার সতীর্থদের সঙ্গে উদযাপনে লিওনেল মেসি; ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেই ম্যাচের টিকিট বিক্রির সময়সূচিতে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২২ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে।
টিকিট কিনতে আগ্রহীদের দিপোর্তিক ডট কম ওয়েবসাইটে আগে নিবন্ধন করতে হবে। একজন ব্যবহারকারী সাধারণ গ্যালারি থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ পাবেন। শুধু মেসির বিদায়ী ম্যাচ নয়, সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার নির্ধারিত তিন ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রেই এই সময়সূচি প্রযোজ্য।
৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। এর আগে ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
মেসির বিদায়ী ম্যাচের টিকিটের মূল্য নিয়েও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এএফএ প্রকাশিত দামের হিসাবে, ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য সবচেয়ে কম দামের টিকিট ২৯ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা।
শিশুদের টিকিট বাদ দিলে মনুমেন্তালে সাধারণ দর্শকের জন্য পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডে বসে ম্যাচ দেখতে খরচ হবে ১ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ২১ লাখ টাকা।
সবচেয়ে ব্যয়বহুল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ কোটি ৮৯ লাখ টাকা। এই টিকিটে মনুমেন্তালের সান মার্তিনো ও বেলগ্রানোর মিডল স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা মেসি দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি সোনালি কলমের ছবি দিয়ে আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন। সতীর্থদের দিয়ে ৬৮টি গোল করাতেও ভূমিকা রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে তিনি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন।
বিদায়ের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা মেসির। সেই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ও মূল্য—দুই বিষয়েই এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!