যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM ৪৯
এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল; ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর শেষ আটের পূর্ণাঙ্গ লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

‘বি’ গ্রুপের মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায়। এতে দুই ম্যাচে মোট তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ আটে জায়গা করে নেয় হংকং। তাদের সংগ্রহ দুই পয়েন্ট। এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ওমান।

‘এ’ গ্রুপেও বৃষ্টির প্রভাব পড়েছে। জাপান ও নেপালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেপাল গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে। আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে ওঠে। স্বাগতিক জাপানের এশিয়ান গেমস ক্রিকেট অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা পেয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব শেষে তাদের সঙ্গে শেষ আটে যোগ দিয়েছে মালয়েশিয়া, হংকং, নেপাল ও আফগানিস্তান।

কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ হংকং এবং পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। পরদিন ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে। একই দিনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ম্যাচটি জাপানের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে, যা বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট।

এশিয়ান গেমসে এর আগে ২০২৩ সালে হাংজু আসরে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার কোয়ার্টার ফাইনালে ২ রানের ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এবার দুই দল আবারও মুখোমুখি হচ্ছে শেষ আটের লড়াইয়ে।

এশিয়ান গেমস মালয়েশিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!