যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বস্তা সংকটের কারণে কমেছে আলুর দাম, চাষি ও ব্যবসায়ীর চিন্তা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:০৭ PM

৬২
বস্তা সংকটের কারণে কমেছে আলুর দাম, চাষি ও ব্যবসায়ীর চিন্তা

দিনাজপুরের ফুলবাড়ীতে বস্তার অভাবে জমে থাকা আলু। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে আলু চাষিদের মাঝে বস্তার সংকট তীব্র আকার ধারণ করেছে। চলতি মৌসুমে বস্তার দাম গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে আলুর বাজারদামে।

ক্যারেজ জাতের আলু গত শনিবার (২৯ মার্চ) কেজি প্রতি ১৫–১৬ টাকায় বিক্রি হলেও সোমবার (৩০ মার্চ) দাম নেমে হয়েছে ১২–১৩ টাকা। চাষিরা বাড়ির পাশে আলু স্তূপ করে রাখছেন, কারণ বস্তার অভাবে পাইকারি বাজারে আলু সরবরাহ করতে পারছেন না।

চাষি ও ব্যবসায়ীরা জানান, গত বছর বস্তার দাম ছিল ৭৫–৮০ টাকা, কিন্তু এ বছর তা বেড়ে ১৭৫–১৮০ টাকা হয়েছে। ঈদের পর একটি বস্তা ১৬০ টাকায় কেনা হয়েছে। পাটের মূল্য বৃদ্ধির পাশাপাশি কিছু হিমাগার কর্তৃপক্ষ কৃত্রিম সংকট সৃষ্টি করে বস্তার দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, এবছরের লক্ষ্যমাত্রা ছিল ৩৫,৫২০ মেট্রিকটন আলু উৎপাদন, যা আগের বছরের সমান। চাষি জাহাঙ্গীর আলম জানান, পৌনে চার বিঘা জমিতে আলু চাষের ফলন ভালো হলেও বস্তার সংকটের কারণে ব্যবসায়ীরা আলু নিতে আসতে পারছেন না। ফলে বাড়িতেই আলু সংরক্ষণ করতে হচ্ছে।

ফুলবাড়ী কোল্ড স্টোরেজের প্রধান হিসাব রক্ষক আবুল হাসান জানান, স্টোরেজের ধারণ ক্ষমতা ১ লাখ ৬৫ হাজার বস্তা, কিন্তু ইতোমধ্যেই ১ লাখ ৭১ হাজার বস্তা সংগ্রহ করা হয়েছে। বস্তার অভাবে আলু বিক্রি ব্যাহত হচ্ছে এবং বাজারে আলুর দাম কমেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, স্থানীয়ভাবে বস্তার সংকটের বিষয়ে তাদের কাছে রিপোর্ট আসে না, আর এলেও তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারেন।

আলু বস্তা সংকট ফুলবাড়ী আলু দাম দিনাজপুর কৃষি সংবাদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!