ঘটনার প্রতীকী ছবি। ছবিঃ সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের মধ্যে একটি কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।
ভুক্তভোগী পক্ষের দাবি, ঘটনার একপর্যায়ে এক পক্ষের লোকজন বাইরে থেকে আরও কয়েকজনকে ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারীসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত ছোটখাটো বিরোধ থেকে শুরু হওয়া এসব ঘটনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর সংঘর্ষ সরিষাবাড়ী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!