যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

রাজবাড়ীর কালুখালীতে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার পর পোড়ানোর চেষ্টা

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৫৩ PM

১০
রাজবাড়ীর কালুখালীতে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার পর পোড়ানোর চেষ্টা

নিহত মো. আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো. আসাদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আগুনে পোড়ানোর চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মাদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসাদুল ইসলাম ওই এলাকার বিল মানুষমারি গ্রামের বাসিন্দা মো. সাজাহানের ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাতেই বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়।

স্থানীয়দের মতে, আসাদুল ইসলাম এলাকায় শান্ত ও মেধাবী তরুণ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসাদুল ইসলাম সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিশ্চিত করেনি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর মরদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, রোববার বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে সকালে একটি পাটক্ষেতে মরদেহ পাওয়া যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!