যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক: বিএনপি নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

nayeemur7377

nayeemur7377

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ AM

৪৬
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক: বিএনপি নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওকে ঘিরে আলোচনায় জৈন্তাপুরের ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী। ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে তাকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এ ঘটনার সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসকের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও এবং পরে ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও দুটিতে একজন ব্যক্তিকে মাদক সেবন করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশনায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ভাইরাল ভিডিওর সত্যতা এবং এতে চেয়ারম্যান মো. ইন্তাজ আলীর সংশ্লিষ্টতা যাচাই করে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সারীঘাট ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মো. ইন্তাজ আলী বলেন, ভিডিওতে যার চেহারা দেখা যাচ্ছে, তিনি নন। তাকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা উন্নত প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি বা বিকৃত করা হয়েছে বলে তার দাবি। তিনি আরও বলেন, ভিডিওটি প্রকাশকারী ব্যক্তির সঙ্গে পূর্বের একটি সালিশকে কেন্দ্র করে বিরোধ ছিল, যার জেরেই এমন ঘটনা ঘটতে পারে।

তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মো. ইন্তাজ আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তারা জেনেছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!