যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ PM ৯০
কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তবে নিহতের মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের অভিযোগ ও পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে ভিন্ন তথ্য উঠে এসেছে।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাছুম আলী (৬৫)। তিনি ছাতিরচর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত। আহতদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা রমিজ মেম্বার ও হিরু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন বিএনপি নেতা রমিজ মেম্বারসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় হামলার শিকার হয়ে কাছুম আলীর মৃত্যু হয়।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার কারণে রমিজ মেম্বার ও কাছুম আলীর ওপর হামলা চালানো হয়। এতে কাছুম আলীর মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।

অন্যদিকে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হলেও এটি হত্যা নাকি হৃদরোগজনিত মৃত্যু—সেটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি জানান, নিহত ব্যক্তি বিএনপির একজন কর্মী ছিলেন।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনায় কেউ অপরাধে জড়িত থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচার হওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, তার আশ্রয়-প্রশ্রয়ে বালু উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন। স্থানীয়ভাবে যারা এ কার্যক্রম পরিচালনা করছে, তাদের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও তিনি মন্তব্য করেন।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা বালু উত্তোলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!