যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

সাঙ্গু নদীতে নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৫:২৯ PM

১৫
সাঙ্গু নদীতে নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে একটি যন্ত্রচালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, ১৩ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে আলীকদম হয়ে তিন্দু এলাকায় ভ্রমণে গিয়েছিলেন মাহিয়ান। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দলটি দুটি যন্ত্রচালিত নৌকায় করে বড়পাথর এলাকায় ঘুরতে বের হয়। এ সময় সাঙ্গু নদীর তীব্র স্রোতে একটি নৌকা ডুবে যায়।

নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে অথবা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে নিখোঁজ পর্যটকের সন্ধান না পাওয়ায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রহিদুর রহমান জানান, স্থানীয়ভাবে ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, পর্যটক দলটি হ্যাবল ত্রিপুরা নামে একজন গাইডের সহায়তায় আলীকদম হয়ে তিন্দু এলাকায় যায়। তারা থানচি হয়ে প্রবেশ না করায় তাদের ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য পুলিশের কাছে ছিল না। এছাড়া তিন্দু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সীমিত থাকায় উদ্ধার কার্যক্রমের সমন্বয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!