যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ PM

২১
কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক পৌর মেয়র ও জাসদ যুবজোটের সাবেক জেলা সহসভাপতি আনোয়ারুল কবির টুটুলের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে আনোয়ারুল কবির টুটুল ও তার স্ত্রী আমিনা খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে হামলার অভিযোগ করেন। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে দুলাল ও নুরু নামে দুইজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। গোডাউন মোড়ের এস.ডি. টাওয়ারের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়।

ফেসবুক পোস্টে আনোয়ারুল কবির টুটুল অভিযোগ করেন, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করে। আত্মরক্ষার সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি আবারও কয়েকজনের নাম উল্লেখ করে হামলার অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আল হোসাইন সোহাগ। তিনি বলেন, হামলার ঘটনায় তিনি বা তার কোনো অনুসারী জড়িত নন। তার দাবি, পৌর মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি রাজনৈতিক পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, হামলার ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এ পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!