ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মেসি ও ক্লিনিক খোলা রয়েছে।
হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আন্দোলনকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করছেন। তবে সকাল পর্যন্ত কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ বা আটকের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভুজপুর মৌজায় নির্ধারণ করা হয়েছে, যা তাঁদের মতে যৌক্তিক নয়। তাঁরা দাবি করছেন, নতুন উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সদর দপ্তর উত্তরাঞ্চলে স্থাপন করতে হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফটিকছড়ি হরতাল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!