যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

রাজনগরে চা বাগান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৩১ PM ৫৭
রাজনগরে চা বাগান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি চা বাগান থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাথিউড়া চা বাগানের একজন পাহারাদার বাগানের একটি এলাকায় তাদের মরদেহ দেখতে পান। বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে বিয়ে করেছিলেন। এর আগে দুজনেরই আলাদা সংসার ও সন্তান ছিল বলে জানা গেছে। নতুন বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ তৈরি হয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। পারিবারিক বিরোধের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!