যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ PM ৮৫
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

কুড়িগ্রাম এক্সপ্রেসের চলন্ত ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনটির ক্যান্টিনকর্মী আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় নাটোর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তার আবু বক্করকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করছিলেন। অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেনের খাবারের ক্যান্টিনে তাকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন।

ঘটনার একপর্যায়ে ওই নারীর চিৎকার শুনে কয়েকজন যাত্রী ক্যান্টিনের দিকে এগিয়ে যান। তারা তাকে সেখান থেকে উদ্ধার করেন এবং আবু বক্করকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দিকসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যের নামও রয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর করা অভিযোগে কয়েকজনের পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!