ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে নয়াগোলা এলাকার জহুরুল ইসলামের মেয়ে জয়নব, হারুনুর রশিদের মেয়ে সিনথিয়া, সুমনের মেয়ে সুমাইয়া ও মোজাম্মেলের মেয়ে মাহমুদাসহ আরও পাঁচজন রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববারও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচির খাবার বিতরণ করা হয়। খাবারের সঙ্গে দেওয়া ডিম ও পাউরুটি খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কারও বমি, কারও পেটব্যথা শুরু হয়। পরে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের খাবার দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার পর কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থীরা ঠিক কী কারণে অসুস্থ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান জানিয়েছেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অতিরিক্ত গরমের কারণেও তারা অসুস্থ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে খাবারের মান ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!