ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিট পোশাক রপ্তানি থেকে এসেছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে আয় হয়েছিল ৫৫৮ কোটি ডলার। ফলে নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে, প্রথম তিন মাসে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪৩৯ কোটি ৪ লাখ ডলার। এ হিসাবে ওভেন পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ১১ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে মোট রপ্তানি আয় হয়েছে ৩০৮ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত বছরের সেপ্টেম্বরে আয় হয়েছিল ২৮৩ কোটি ৯৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।
সেপ্টেম্বরে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৭৭ কোটি ডলার। আগের বছরের একই মাসে এ আয় ছিল ১৬৩ কোটি ১ লাখ ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে এসেছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের সেপ্টেম্বরে ছিল ১২০ কোটি ৯৬ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।
অর্থবছরের শুরুতে অবশ্য পোশাক রপ্তানিতে কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়। জুলাইয়ে মোট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার। আগের বছরের একই মাসে এ আয় ছিল ৩৯৬ কোটি ২৭ লাখ ডলার। ফলে জুলাইয়ে রপ্তানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ। এ মাসে নিট পোশাক রপ্তানি ০ দশমিক ৯০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমে।
পরের মাস আগস্টে রপ্তানি পরিস্থিতির উন্নতি হয়। ওই মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয় ৩৬০ কোটি ৮৯ লাখ ডলার। গত বছরের আগস্টে এ আয় ছিল ৩১৬ কোটি ৮ লাখ ডলার। এতে মাসিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ। আগস্টে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।
আগস্টের পর সেপ্টেম্বরেও প্রবৃদ্ধির ধারা বজায় থাকে। এর ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সামগ্রিকভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!