যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় প্রশ্নে ভুল: দায়ী কর্মকর্তা বরখাস্ত, শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

৩০
এইচএসসি পরীক্ষায় প্রশ্নে ভুল: দায়ী কর্মকর্তা বরখাস্ত, শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা

ছবি : সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ভুলের ঘটনায় দায়ী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। এ কারণে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওই প্রশ্নগুলোর জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি আরও জানান, প্রশ্ন প্রণয়নে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংসদে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার নির্ধারিত কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিকূল আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদেরও বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই কোনো শিক্ষার্থী যেন প্রাকৃতিক দুর্যোগ বা প্রশ্ন প্রণয়নের ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশ্নে ভুলের কারণে কোনো পরীক্ষার্থীর ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে না।

এইচএসসি ও সমমান পরীক্ষা আ ন ম এহছানুল হক মিলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!