যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:২১ PM

২৩
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

সমাজের বাস্তব চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সংযোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, উচ্চশিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন এবং অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর এবং দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান কর্মক্ষেত্র ও সমাজের উন্নয়নে বাস্তবভাবে কাজে লাগাতে পারে।

ইউজিসি চেয়ারম্যান আরও জানান, দেশে উচ্চশিক্ষাকে শুধু পাঠদানকেন্দ্রিক ধারা থেকে গবেষণাভিত্তিক ব্যবস্থায় রূপান্তর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কমিশন বিভিন্ন উদ্যোগ 

নিয়ে কাজ করছে।

তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সূচনাকে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!