যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত, খালি রয়েছে ৪২০ আসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০২:১৩ PM

১৩
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত, খালি রয়েছে ৪২০ আসন

ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন।

গুচ্ছ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও যোগাযোগ সমস্যার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে পারেননি। এসব বিষয় বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন খালি রয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক বেশি আসন ফাঁকা রয়েছে বলে জানা গেছে।

ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মনজুরুল হক জানান, দুর্যোগের কারণে বিশেষ করে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করেই চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়েও এখনো ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধাভিত্তিক এবং একটি কোটাভিত্তিক আসন রয়েছে।

চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় জমা দেওয়া মূল নম্বরপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার সময় ব্যবহৃত মূল প্রবেশপত্রসহ শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

ভর্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের আর কোনো সুযোগ থাকবে না। তবে কোনো শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষয় পরিবর্তনের মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামী ২১ জুলাইয়ের মধ্যে ‘Stop All Migration’ সম্পন্ন করতে হবে।

গুচ্ছভর্তি বিশ্ববিদ্যালয়ভর্তি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!