ছবি : সংগৃহীত
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া মাহফিল আয়োজন করেছে মাইলস্টোন স্কুল ও কলেজ।
মঙ্গলবার (২১ জুলাই) মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছরের ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সর্বমান্য উপদেষ্টা কর্নেল নূরন নবী (অব.)। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
দোয়া মাহফিলে মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তারা দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে নিহতদের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মাইলস্টোন পরিবার। আয়োজকরা জানান, এই শোক ও দোয়া মাহফিলের মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা, আহতদের সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ অনেকে হতাহত হন। ঘটনাটি দেশজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছিল।
মাইলস্টোন নিহতদের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!