ছবি: সংগৃহীত
জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং ব্যবস্থাপনায় নানা সমস্যার অভিযোগের পর কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। একসঙ্গে এতজন শিক্ষকের বদলির ঘটনায় স্থানীয় শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম, অধ্যাপক মো. আবদুল মালেক, সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, প্রভাষক মো. আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন।
কলেজ সূত্র জানায়, বদলি হওয়া কয়েকজন শিক্ষক পরীক্ষা পরিচালনার বিভিন্ন দায়িত্বে ছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া পরীক্ষা কমিটির দায়িত্বে ছিলেন এবং মোহাম্মদ মহসীন শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ১৩ জুলাই ভারি বৃষ্টির কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ ও আশপাশের এলাকা পানিতে ডুবে যায়। জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে দুর্ভোগ পোহাতে হয়।
পরিস্থিতিতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নৌকার মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন। পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।
ঘটনার পর পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজ পরিদর্শন করে ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, একই প্রতিষ্ঠানের সাত শিক্ষককে একসঙ্গে বদলির ঘটনা বিরল। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট ঘটনায় কোনো ত্রুটি ছিল কি না তা যাচাই করা হচ্ছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা ২০২৬
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!