ছবি: সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অপেক্ষা আর দীর্ঘ হচ্ছে না। চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করার প্রস্তুতি চলছে।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার চেষ্টা চলছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সব প্রস্তুতি শেষ হলে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এখন দ্রুত ফল প্রস্তুতের কাজ চলছে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশের দিন নির্ধারণ করা হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।
SSC Result 2026 শিক্ষা বোর্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!