স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন মো. বেলাল হোসেন। এর আগে তিনি একই অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন স্কেলের গ্রেড-১ পদে মো. বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৬ সালের ১৪ জানুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পান। পরে ১০ ফেব্রুয়ারি তাঁকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়।
মো. বেলাল হোসেন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট) থেকে ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবনে ভালো ফলাফল করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
১৯৯২ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগ দেন তিনি। কর্মজীবনের শুরুতে প্রশিক্ষণে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে বিভিন্ন পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখেন। এলজিইডি সদর দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন প্রকল্প পরিচালনা, মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ সংক্রান্ত কার্যক্রমে যুক্ত ছিলেন।
তিনি নারায়ণগঞ্জে নির্মাণাধীন দেশের প্রথম ক্যাবল স্টেয়েড ব্রিজ প্রকল্পের পরিকল্পনা, নকশা ও দরপত্র প্রক্রিয়ার কাজেও যুক্ত ছিলেন। এ কাজে দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন।
বেলাল হোসেন পরিবেশ সংরক্ষণ, সরকারি ক্রয় ব্যবস্থাপনা, সার্ভিস রুলস, মান নিয়ন্ত্রণ, সড়ক রক্ষণাবেক্ষণ, জিআইএস, দারিদ্র্য বিমোচন এবং অংশগ্রহণমূলক পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। কর্মজীবনে তিনি থাইল্যান্ড, ফিলিপাইন, লাওস, চীন, জাপান, কানাডা, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নগরাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. বেলাল হোসেন। তাঁর পিতা মো. রুহুল আমিন এবং মাতা মোছা. ফজিলাতুন্নাহার।
এলজিইডি প্রধান_প্রকৌশলী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!