দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গত ২৬/৬/২০২৬ ইং । নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত–সুমায়েল–নিক্সন (জিজি) প্যানেল অধিকাংশ পদে জয়লাভ করে পূর্ণাঙ্গ পরিষদ গঠন করেছে।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে প্রকৌশলী মো. এনায়েত হোসেন সর্বোচ্চ ১,৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী অধ্যাপক ড. আ. ন. ম. আহমেদ উল্লাহ পান ২৪৩ ভোট।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ), প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক এবং প্রকৌশলী মো. আব্দুস সালাম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ২,৬০০ জন ভোটারের মধ্যে ১,৬৯০ জন ভোট দেন, যা প্রায় ৬৫ শতাংশ ভোটার উপস্থিতির সমান। ভোটগ্রহণের জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে চারটি বুথ স্থাপন করা হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, দপ্তর সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদেও জিজি প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে নতুন কমিটি আইটিইটিকে আরও শক্তিশালী, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবে। তিনি নির্বাচন কমিশন এবং ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রকৌশলী অধ্যাপক ড. আ. ন. ম. আহমেদ উল্লাহ নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।
নির্বাচন আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়া সংগঠনের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তিনি নির্বাচিত ও অনির্বাচিত সব প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আইটিইটি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!