ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
সালমান খান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে। তবে পরবর্তী সময়ে এটি সহিংসতায় রূপ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এই অভিনেতা।
তিনি বলেন, দেশের তরুণরা উন্নত ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে একত্রিত হয়েছে, যা ইতিবাচক বিষয়। শিক্ষার্থীদের পরিশ্রম, সততা ও ভবিষ্যৎ গড়ার আগ্রহ প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
সালমান খানের মতে, প্রতিবাদ ও আন্দোলন গণতান্ত্রিক অধিকারের অংশ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেছে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য তাদের এই উদ্যোগকে সম্মান করা উচিত।
নিজের পোস্টে তিনি আরও বলেন, এই আন্দোলনকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিষয় হিসেবে দেখা প্রয়োজন। তাঁর আশা, সরকার শিক্ষার্থীদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহির দাবিতে দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়।
আন্দোলনকারীরা সংসদ অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সালমান খান।
সালমান খান দিল্লি আন্দোলন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!