ছবি : সংগৃহীত
পাকিস্তানি নাটক ও ওয়েব সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়লেও ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ নিয়ে। সিরিজটি ভারতে মুক্তি না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধের বিষয়ে নির্দেশনা দিয়েছিল। পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে পাকিস্তানি সিনেমা, নাটক, গান, সিরিজ ও পডকাস্ট প্রচারের ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, ওই নির্দেশনার পরও নতুন পাকিস্তানি ওয়েব সিরিজটি ভারতে মুক্তি পেলে সরকারি সিদ্ধান্তের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এ কারণে সিরিজটির ভারতীয় সম্প্রচার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
শুধু নির্দিষ্ট একটি সিরিজ নয়, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি শিল্পী এবং পাকিস্তানি প্রযোজনার কাজ স্থায়ীভাবে বন্ধ রাখতে কঠোর আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি কনটেন্ট প্রচার পুরোপুরি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ সিরিজে তিন প্রজন্মের প্রেম, সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা জটিলতা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সানাম সইদ, আহাদ রাজা মীর ও ইকরা আজিজসহ একাধিক জনপ্রিয় তারকা।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। তবে ভারতে এটি আদৌ মুক্তি পাবে কি না, তা নিয়ে ইতোমধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাকিস্তানি নাটক জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধ পাকিস্তানি ওয়েব সিরিজ নরেন্দ্র মোদিকে চিঠি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!