ছবি : সংগৃহীত
বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের জবাবে তিনি এ বক্তব্য দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের আন্দোলনের পর দেশ ছেড়ে গিয়েও অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন। ক্ষমতার লোভে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, সেখানকার সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও সমর্থন করেন না। তবে পলাতক ফ্যাসিবাদের সমর্থকেরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অপরাধের বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির কর্মকাণ্ডেই ওই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!