ছবি : সংগৃহীত
ইয়েমেনের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হোদেইদায় সামরিক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলে অবস্থিত এই বন্দরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হামলা চালিয়েছে। হামলার পরপরই বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে চলতি সপ্তাহে হোদেইদা বন্দরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দেয়।
এরই মধ্যে গতকাল হোদেইদায় হামলার পর সৌদি আরবের জাজান বন্দরে আক্রমণ চালায় হুথিরা। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা ইয়েমেনের অন্যতম প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমে উত্তর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় খাদ্য, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বন্দরটি।
আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশটির খাদ্য সরবরাহ ও মানবিক সহায়তা কার্যক্রমের বড় একটি অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল।
এদিকে গত জুলাই থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করে। এর আগে ২০২২ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দুই পক্ষের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে জুলাইয়ে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর পরিস্থিতির অবনতি ঘটে। এরপর থেকে হুথিরাও পাল্টা হামলা শুরু করে। পাশাপাশি মোখা বন্দরসহ লোহিত সাগরের বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা।
পরবর্তী সময়ে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত হুথিদের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকাগুলো পুনরুদ্ধার করতে পারেনি সরকারি বাহিনী।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!