যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস ফাঁকি দিয়ে মিছিল করা শিক্ষকদের নজরদারিতে রেখেছি: শিক্ষামন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ PM ৬
ক্লাস ফাঁকি দিয়ে মিছিল করা শিক্ষকদের নজরদারিতে রেখেছি: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ক্লাসরুমে পাঠদান বাদ দিয়ে মিটিং-মিছিলে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, যেসব শিক্ষক নিয়মিত ক্লাস না করে কোচিং সেন্টার কিংবা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাদের তালিকা তৈরি করে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে সময় দিচ্ছেন। বিষয়টি নজরে রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই দায়িত্ব পালন বাদ দিয়ে যখন-তখন মিটিং-মিছিলে অংশ নেওয়া উচিত নয়। বিশেষ করে ক্লাস বাদ দিয়ে যারা বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন, তাদের বিষয়ে পর্যবেক্ষণ চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে এ ধরনের বদলি ব্যবস্থার প্রচলন ছিল না। সাবেক বিএনপি সরকারের আমলে তিনি এনটিআরসিএ প্রতিষ্ঠা করেছিলেন। তবে পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষকদের বদলি ব্যবস্থা কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, তা নিয়ে কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, এ বিষয়ে কেউ অনুরোধ না করলেও নিজ উদ্যোগে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও পাওয়ার যোগ্য, তাদের এমপিও দেওয়া হবে। এজন্য শিক্ষকদের মিছিল-মিটিং না করে শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। কোন কোন স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিও পাওয়ার যোগ্য, সে বিষয়ে সরকার অবগত রয়েছে বলেও উল্লেখ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এখনো ভবন নির্মাণ করা হয়নি, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ভবন বরাদ্দ দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, সেখানে নতুন ভবন নির্মাণের সুযোগ থাকবে না। পাশাপাশি ফলাফল খারাপ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপাতত কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের উপবৃত্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, মেয়েদের উপবৃত্তির সুবিধা ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!