ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের ২৬তম দিনে জেলার ভোগড়া ও শ্রীপুরের নয়নপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় ভোগড়া ও নয়নপুর এলাকার ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার মোট ২২টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডিবিএল সিরামিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় স্থানীয় রিদিশা নিটেক্স কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে কয়েক হাজার শ্রমিক সড়কে বেরিয়ে এলে লাঠিসোঁটা হাতে কিছু বহিরাগত তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে নতুন মজুরি কাঠামো নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর দাবি তোলেন তারা।
প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে শ্রমিকদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় সরে যান।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকালে দুটি স্থানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও দুপুর ১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। জেলার অনেক পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করেছেন। যেসব কারখানায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!