ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ে সবুজায়নের উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা টিস্যুর উদ্যোগে স্কুলে বাগান স্থাপন করা হলে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ।
গত ১৬ জুন ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফুল, ফল ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে একটি সবুজ বাগান গড়ে তোলা হয়। এতে অংশ নেয় শিক্ষার্থীরা, যারা গাছ লাগানো ও বাগান সাজানোর কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
গাছ, বাঁশ ও বেড়া স্কুল মাঠে আনার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আনন্দঘন প্রতিযোগিতা। কেউ গাছ বহন করে, কেউ বা বাগান তৈরির কাজে অংশ নেয়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাত জানায়, “আমাদের স্কুলে এখন ফুল ফুটবে, ফল ধরবে—স্কুল আরও সুন্দর হয়ে উঠবে।”
সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগকে বাস্তবে রূপ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। ‘সবুজে সুন্দর আগামী’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়টিতে এই বাগান গড়ে দেওয়া হয়। প্রকল্পটির সহযোগী হিসেবে ছিল বসুন্ধরা টিস্যু।
বাগানটির চারপাশে নিরাপত্তা বেড়া দেওয়া হয়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়। শিক্ষক ও স্থানীয়রা এই উদ্যোগকে পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রমের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবশ্রী পাল দীপা বলেন, কিছুদিন আগে পাশের একটি বিদ্যালয়ে এমন উদ্যোগ দেখে তারা অনুপ্রাণিত হন। এরপর তাদের বিদ্যালয়েও একই ধরনের বাগান স্থাপনের অনুরোধ করা হয়। তিনি বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করবে।
স্থানীয় পরিবেশকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এই কার্যক্রমকে স্বাগত জানান। তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।
স্থানীয় বিশিষ্টজনদের মতে, স্কুল পর্যায়ে এমন সবুজ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত হবে।
সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগ শুধু একটি স্কুলের বাগান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তোলার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!