ছবি : সংগৃহীত
চলতি বছরের জুন মাসে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা নতুন রেকর্ডে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণ সংস্থাগুলো। এতে গ্রীষ্ম মৌসুমে আরও তীব্র তাপপ্রবাহের শঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সেবা জানিয়েছে, ২১ জুন মেরু অঞ্চলের বাইরে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এটি ২০২৩ ও ২০২৪ সালের আগের সব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক উষ্ণতা বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, এই তাপমাত্রা বৃদ্ধি এল নিনো আবহাওয়ার প্রাথমিক পর্যায়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এর ফলে আগামী সময়ে আরও চরম আবহাওয়া—তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়তে পারে।
২০২৩ সালেও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, যা তখন বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, পৃথিবীর সমুদ্রগুলো মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের সবচেয়ে বড় সূচক। গবেষণা অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে উৎপন্ন অতিরিক্ত তাপের ৯০ শতাংশের বেশি মহাসাগর শোষণ করে।
গত কয়েক দশকে এই তাপ শোষণের হার দ্রুত বেড়েছে, যা জলবায়ুর ভারসাম্যকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগেই সতর্ক করে বলেছেন, পৃথিবী এখন “সহনশীলতার সীমা” অতিক্রমের ঝুঁকিতে রয়েছে।
কোপারনিকাসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, বর্তমান পরিস্থিতি একটি নতুন জলবায়ু পর্বের সূচনা হতে পারে। আগামী মাসগুলোতে আরও তাপমাত্রা রেকর্ড ভাঙার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে জুলাই ও আগস্টে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জলবায়ু তাপমাত্রা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!