ছবি: সংগৃহীত
অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে ভারী বৃষ্টিপাত হলে দেশের কয়েকটি অঞ্চলে নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।
অক্টোবরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসটি প্রকাশ করা হয়।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।
অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে। তবে সামগ্রিকভাবে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
দেশের প্রধান নদ-নদীতে অক্টোবরজুড়ে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানির উচ্চতা সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট সময়, গতিপথ কিংবা কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তাই এটি মাসব্যাপী সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস, নির্দিষ্ট কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির ঘোষণা নয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!