যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ PM ৫০
হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী

মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবার বিভিন্ন অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের এই পরিদর্শনে তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনের সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবার কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তার নজরে বেশ কিছু অনিয়ম আসে। পরে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।

রোগী ও স্বজনদের কয়েকজন মন্ত্রীকে জানান, প্রয়োজনের সময় হাসপাতালে চিকিৎসকদের পাওয়া যায় না। দায়িত্ব পালনকারী নার্সদের সহযোগিতা ও সেবার মান নিয়েও তারা অভিযোগ করেন। তাদের ভাষ্য, চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সহযোগিতা পেতে অনেক সময় সমস্যার মুখে পড়তে হয়।

অভিযোগগুলো শোনার পর রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

এ সময় দেশের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত আরও কয়েকটি কর্মসূচির তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!