যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত, ২০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিসংকটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ PM

১৫
মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত, ২০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিসংকটে

ছবি : সংগৃহীত

 

ইরানের দক্ষিণাঞ্চলে একটি পানি শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামো মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দার সুপেয় পানির সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম।

ইরানের হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান হামজেহ পুর জানান, জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি এলাকায় অবস্থিত একটি পানি সরবরাহ ব্যবস্থার পাম্পিং স্টেশন ও বিদ্যুৎ ট্রান্সফরমার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এর ফলে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা তীব্র পানি সংকটে পড়েছেন।

হামজেহ পুরের ভাষ্য অনুযায়ী, সমুদ্রের পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হওয়ায় পানি সরবরাহ কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে ঘটনাটির পূর্ণাঙ্গ যাচাইও সম্ভব হয়নি।

এদিকে, ইরানের পাল্টা হামলার পর কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের অংশবিশেষে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার স্বার্থে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, জরুরি পরিকল্পনা সক্রিয় করার ফলে বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে এবং সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি সীমিত রাখা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান আরও ব্যাপক সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, হামলা চলতে থাকলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরও পড়তে পারে।

ইরান মার্কিন হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!