যুক্তরাষ্ট্র   সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬,৫ আশ্বিন ১৪৩৩

ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে দরকার গোড়ামিমুক্ত ও নিরাপদ পরিবেশ: সারওয়াত সিরাজ শুক্লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:২৭ PM ৮২
ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে দরকার গোড়ামিমুক্ত ও নিরাপদ পরিবেশ: সারওয়াত সিরাজ শুক্লা

দেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে শুধু প্রতিযোগিতার আয়োজন করলেই হবে না, প্রয়োজন নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ, মানসম্মত প্রশিক্ষণ, পর্যাপ্ত ক্রীড়া সরঞ্জাম এবং পরিবারের সহযোগিতা। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান মেয়েদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বুধবার রংপুরে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সফরের শুরুতে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার নেতৃত্বে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার একটি প্রতিনিধি দল রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করে। এ সময় কমপ্লেক্সের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তারা। নারী ক্রীড়াবিদদের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার জন্য কমপ্লেক্সটিকে কার্যকর ক্রীড়া কেন্দ্রে পরিণত করার ওপর গুরুত্ব দেন সংস্থার কর্মকর্তারা।

পরে প্রতিনিধি দল রংপুর জেলা সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, কোতোয়ালী/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর মো. রমিজ আলম।

সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান পরিস্থিতি, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া অবকাঠামো, সরঞ্জাম সংকট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কোচ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষকরা। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্নাসহ অ্যাডহক কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।

বক্তারা বলেন, মফস্বল ও প্রত্যন্ত এলাকার মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের পথে এখনো নানা বাধা রয়েছে। আর্থিক সংকট, সামাজিক রক্ষণশীলতা, নিরাপত্তাহীনতা, বাল্যবিবাহ এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর অভাবের কারণে অনেক প্রতিভা বিকশিত হওয়ার আগেই হারিয়ে যাচ্ছে।

এসব প্রতিবন্ধকতা দূর করে মেয়েদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে পরিবার ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সভায়।

বক্তারা বলেন, একজন নারী খেলোয়াড় ক্রীড়াজীবনের মাধ্যমে সম্মানজনক ক্যারিয়ার গড়তে পারেন—এই বিশ্বাস পরিবারে তৈরি করা জরুরি। খেলাধুলায় ভালো করলে ভবিষ্যতে আয়, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা অর্জনের সুযোগ রয়েছে—এ বিষয়টি অভিভাবকদেরও বোঝাতে হবে।

নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়াতে আসন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্ব, চলমান প্রাইম মিনিস্টার’স কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় মেয়েদের বেশি করে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করে তাদের উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, “মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হলে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে। আমরা চাই, একটি মেয়ে খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যৎ পেশা ও ক্যারিয়ার হিসেবেও বেছে নেওয়ার সুযোগ পাক।”

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান মেয়ে রয়েছে। তাদের চিহ্নিত করে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ দিতে পারলে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সংস্থার পক্ষ থেকে নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

রংপুর সফরের শেষ দিকে বিকেলে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি। সেখানে তিনি কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

রংপুর সফরে নারী ক্রীড়ার উন্নয়ন, তৃণমূল পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। একই সঙ্গে রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্সকে নিয়মিত নারী ক্রীড়া কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!