দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের কাবাডি দলের ম্যাচ; ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। সোমবার জাপানের আইচি-নাগোয়ায় গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
প্রথমার্ধ শেষে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতিতে স্কোরলাইন ছিল ১৭-১৬। দ্বিতীয়ার্ধে আক্রমণ ও রক্ষণে আরও কার্যকর পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ব্যবধান বাড়ায় এবং শেষ পর্যন্ত চার পয়েন্টের জয় নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২২ পয়েন্ট সংগ্রহ করে, যেখানে দক্ষিণ কোরিয়ার অর্জন ছিল ১৯।
ম্যাচে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল দুটি অলআউটের। এ ছাড়া দলটি ছয়টি বোনাস পয়েন্টও সংগ্রহ করেছে। দক্ষিণ কোরিয়াও একবার বাংলাদেশকে অলআউট করে দুই পয়েন্ট পায়। দুই দলই একটি করে সুপার ট্যাকল করে দুই পয়েন্ট অর্জন করে।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘এ’তে গুরুত্বপূর্ণ শুরু পেল বাংলাদেশ। পুরুষ কাবাডির এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চায়নিজ তাইপে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা পাবে।
একই দিনে বাংলাদেশের আরও একটি ম্যাচ রয়েছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর জাপান এবং ২৩ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!