যুক্তরাষ্ট্র   সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬,৫ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু ঠেকাতে শুধু কীটনাশন নয়, সচেতনতা বাড়ানোর আহ্বান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM
ডেঙ্গু ঠেকাতে শুধু কীটনাশন নয়, সচেতনতা বাড়ানোর আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম; ছবি: সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগ কিংবা মশা নিধনে কীটনাশক প্রয়োগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোগটির ঝুঁকি কমাতে ব্যক্তি ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় ড. মুহিত বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়া গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবকে জনসচেতনতা তৈরির কাজে ব্যবহার করার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তরুণ প্রজন্ম ও অনলাইনভিত্তিক কনটেন্ট নির্মাতাদের বিশেষভাবে এই উদ্যোগে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, রিলস, স্টোরি, ভিডিও, ইনফোগ্রাফিক কিংবা পোস্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ তথ্য অল্প সময়ে বড়সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো বিষয়গুলো প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

দেশব্যাপী আগামী তিন মাস সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে এই ডিজিটাল সচেতনতা কার্যক্রম চালানো হবে। এর আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক করণীয়সহ বিভিন্ন বিষয়ে তথ্য ছড়িয়ে দেওয়া হবে।

পাশাপাশি নাগরিকদের নিজেদের বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার ওপরও জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তায় ডেঙ্গু প্রতিরোধের প্রচেষ্টায় ভার্চ্যুয়াল পরিসরেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!