যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

সীমান্তে পুশইনের প্রতিবাদে রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৫৭ AM

১১
সীমান্তে পুশইনের প্রতিবাদে রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

রাজধানীতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে কথিত জোরপূর্বক অনুপ্রবেশ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বুধবার (১০ জুন) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি সীমান্তে হত্যা ও অনিয়মিত অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা মাদক পাচার, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত ব্যবস্থাপনা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে যেকোনো কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, অ্যাডভোকেট খালিদ হাসান, নাজমুল হাসান, বিন ইয়ামিন মোল্লাসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতারা।

বিক্ষোভ মিছিল শেষে নেতারা সীমান্ত নিরাপত্তা, মাদক প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!