যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা কর্মসূচি, বের হলো বর্ণাঢ্য শোভাযাত্রা

ইমন শেখ (বগুড়া প্রতিনিধি)

ইমন শেখ (বগুড়া প্রতিনিধি)

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ PM ৭৯
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা কর্মসূচি, বের হলো বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবিঃ সবুজ নিশান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার সকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দোয়া ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

দিনের দ্বিতীয় পর্বে শহরের পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সদর উপজেলার শাখারিয়া ডাঙা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামেও দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি মহাসড়ক থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডসহ পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

অন্যদিকে, শিবগঞ্জ পৌর এলাকাতেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহীদ মীর মুগ্ধ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব এবং ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত বক্তব্য দেন।

বগুড়া শহর, নন্দীগ্রাম ও শিবগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বগুড়া বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী বগুড়া জেলা বিএনপি জিয়াউর রহমান নন্দীগ্রাম শিবগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!