ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও গণতান্ত্রিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে এই স্থিতিশীলতার একটি টেকসই ভিত্তি তৈরি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও সবার ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে দেশের বিভিন্ন সময়ে সংখ্যাগত বা জাতিগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় কার্যকর ব্যবস্থা নেয়নি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরোক্ষ সমর্থনের অভিযোগও ছিল। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বিচারব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানোর সুযোগ পাবে। এর ফলে সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ আরও সুসংহত হবে। এ লক্ষ্য অর্জনে সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দেশের অন্যান্য জনগোষ্ঠীর সম্পর্কের কথাও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। দেশের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের দীর্ঘদিনের পারস্পরিক যোগাযোগ ও মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই এই অঞ্চলের বহুত্ববাদী সংস্কৃতি গড়ে উঠেছে।
এই ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশের মানুষ ও এনসিপির জন্য আশীর্বাদ কামনা করেন।
নাহিদ ইসলাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!