যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার সিকদার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM | সর্বশেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM ৬৮
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার সিকদার

ছবি:সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম আনোয়ার হোসেন সিকদার। তিনি বর্তমানে এনসিপির বরিশাল মহানগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার রাতে বরিশাল নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দলীয় সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় আনোয়ার সিকদারের প্রার্থিতা ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তাঁর নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, বরিশাল নগরে জনগণের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করতে হবে এনসিপির মনোনীত প্রার্থীকে।

দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন সিকদার নব্বইয়ের দশকের শুরুতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি ছাত্রসংগঠনটির দায়িত্বশীল পদে ছিলেন বলে জানা যায়। পরবর্তী সময়ে তিনি বিদেশে পাড়ি জমান এবং দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থান করেন। পরে দেশে ফিরে এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।

ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আনোয়ার হোসেন জানান, তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে। স্থানীয় গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কলসকাঠি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।

আনোয়ারের ভাষ্য অনুযায়ী, তিনি একজন প্রবাসী ব্যবসায়ী এবং সিঙ্গাপুরে তাঁর ব্যবসা রয়েছে। বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপাতলী হাউজিং এলাকায় তাঁর আবাসিক ঠিকানা রয়েছে।

এদিকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। তাঁর দাবি, বরিশালে চাঁদাবাজির অভিযোগের পক্ষে এনসিপিকে প্রমাণ দিতে হবে। একই সঙ্গে এনসিপির মনোনীত প্রার্থীকে নগরবাসী কতটা গ্রহণ করেন, সেটিও নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী কৌশল নিয়ে নগর রাজনীতিতে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এনসিপির পক্ষ থেকে আনোয়ার সিকদারের নাম ঘোষণার ফলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হলো।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন এম আনোয়ার হোসেন সিকদার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!