যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৩২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ PM ৭১
গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৩২ জন গ্রেপ্তার

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবারের ওই ঘটনায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। একই সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের উদ্যোগ নেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনার পর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ওই মিছিলের দৃশ্য দেখা গেছে। সেখানে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় এবং মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট ছোড়ার দৃশ্যও রয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেনও মিছিল ও ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর পুলিশ রাবার বুলেট ছোড়ে।

গুলশান আওয়ামী লীগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!