যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে রিজভীর পাল্টা জবাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ PM ৫৯
আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে রিজভীর পাল্টা জবাব

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে জামায়াতে ইসলামীর আঁতাতের অভিযোগের জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা নেই। কে কার সঙ্গে সম্পর্ক বা আঁতাত করছে, তা দেশের মানুষ জানে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।

জামায়াতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগ গুলশানে মিছিল করেছে—এমন অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির কোনো জাতীয় নেতা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেননি। অতীতে কারা এমন বক্তব্য দিয়েছিল, তা জনগণের মনে আছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষায়, ‘আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।’

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আদালতের মাধ্যমে কোনো সংগঠন বেআইনি বা নিষিদ্ধ ঘোষিত হলে প্রকাশ্যে সেই সংগঠনের কর্মসূচি পালনের সুযোগ নেই।

এ ধরনের কর্মসূচির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানান রিজভী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে কারা ওই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গুলশানের মিছিল প্রসঙ্গে রিজভী আরও বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ভূমিকা নিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান তিনি।

রুহুল কবির রিজভী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!